PDF থেকে তথ্য বের করার সেরা ৮টি AI Tools

কলেজের অ্যাসাইনমেন্ট, অফিসের ৫০ পৃষ্ঠার প্রজেক্ট রিপোর্ট কিংবা কোনো জটিল আইনি চুক্তিপত্র এইসব ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে পিডিএফ (PDF) ফাইলের ব্যবহার এখন অপরিহার্য। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয়, যখন ২০০ পৃষ্ঠার একটি পিডিএফ থেকে আমাদের মাত্র দুটি নির্দিষ্ট তথ্য বা একটি সারাংশ খুঁজে বের করতে হয়।

আগে আমরা Ctr+F চেপে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার চেষ্টা করতাম। কিন্তু পিডিএফটি স্ক্যান করা পিডিএফ হলে কিংবা আপনার কাঙ্ক্ষিত তথ্যটি ভিন্ন শব্দে লেখা থাকলে সেই পদ্ধতি আর কাজ করে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে। এখন আর ঘণ্টার পর ঘণ্টা ধরে পুরো পিডিএফ পড়ার প্রয়োজন নেই। আপনি চাইলে একটি AI টুলের কাছে পুরো ফাইলটি আপলোড করে মানুষের মতো প্রশ্ন করতে পারেন, “এই রিপোর্টের মূল সমস্যাগুলো কী কী?” অথবা “৩য় অধ্যায়ের তথ্যগুলো একটি টেবিল আকারে সাজিয়ে দাও।” এরকমভাবে বললে মুহূর্তের মধ্যেই এআই টুলটি আপনাকে নির্ভুল উত্তর, সারাংশ এমনকি রেফারেন্সসহ তথ্য বের করে দেবে।

আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো PDF থেকে তথ্য বের করার সেরা AI Tools গুলো সম্পর্কে, সেই সাথে তাদের কাজের ধরন, সুবিধা-অসুবিধা এবং কীভাবে আপনি নিজের কাজের জন্য সঠিক টুলটি বেছে নেবেন।

Table of Contents

সাধারণ সার্চ (Ctrl+F) আর AI PDF টুলস এর পার্থক্য কোথায়?

অনেকেই ভাবতে পারেন, পিডিএফ রিডারে সার্চ অপশন থাকতে আবার আলাদা AI টুলসের কী দরকার? বিষয়টি পরিষ্কার করতে নিচের দিকগুলো লক্ষ্য করুন:

  • শব্দের অর্থ বোঝা (Semantic Understanding): Ctrl+F আমাদেরকে কেবল হুবহু শব্দটি খুঁজে দেয়। কিন্তু আপনি যদি লেখেন “কোম্পানির ক্ষতির কারণ কী?”, আর পিডিএফে যদি “Loss” বা “ক্ষতি” শব্দটি সরাসরি না থেকে “আর্থিক ঘাটতি” লেখা থাকে, তবে সাধারণ সার্চ তা খুঁজে পাবে না। AI পুরো কনটেক্সট বা ভাবার্থ বুঝে উত্তর দেয়।
  • সারাংশ তৈরি (Summarization): ১০০ পৃষ্ঠার একটি বই বা গবেষণাপত্রের মূল বক্তব্য ৫টি বুলেট পয়েন্টে পাওয়ার ক্ষমতা কেবল AI-এরই আছে।
  • তথ্য রূপান্তর (Data Extraction): পিডিএফের ভেতরে থাকা এলোমেলো ডেটাকে AI মুহূর্তেই সুন্দর Markdown টেবিল, এক্সেল ফরম্যাট বা সহজ বাংলায় অনুবাদ করে দিতে পারে।
  • স্ক্যান করা ফাইল পড়া (OCR): অনেক পুরনো বই বা ডকুমেন্ট ছবি হিসেবে স্ক্যান করে পিডিএফ বানানো হয়। আধুনিক AI টুলস অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) প্রযুক্তির মাধ্যমে ছবি থেকেও লেখা পড়ে তথ্য বের করতে পারে।

PDF থেকে তথ্য বের করার সেরা ৮টি AI Tools

PDF থেকে তথ্য বের করার সেরা ৮টি AI Tools

মার্কেটে এখন প্রচুর AI টুল রয়েছে, তবে সব টুল সমানভাবে কাজ করে না। কাজের ধরন, নির্ভুলতা এবং ব্যবহারের সহজলভ্যতার ওপর ভিত্তি করে সেরা ৮টি টুলের বিষয়ে নিচে আলোচনা করা হলো:

১. ChatPDF

শিক্ষার্থী এবং গবেষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি টুল হলো ChatPDF। এর ইন্টারফেস একদম চ্যাটবটের মতো। আপনি এখানে আপনার পিডিএফ ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে upload করবেন, আর সাথে সাথেই এই টুলটি আপনার আপলোড করা ফাইলটি পড়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং ৩টি সম্ভাব্য প্রশ্ন আপনার সামনে তুলে ধরবে।

  • মূল বৈশিষ্ট্য: এটি উত্তরের পাশাপাশি পিডিএফের কোন পৃষ্ঠা থেকে তথ্যটি নেওয়া হয়েছে, তার পেজ নম্বর বা সাইটেশন (Citation) দেখিয়ে দেয়। ফলে তথ্যের সত্যতা যাচাই করা খুব সহজ হয়।
  • বাংলা সাপোর্ট: আপনি ইংরেজি পিডিএফ আপলোড করে বাংলায় প্রশ্ন করলে এটি সুন্দরভাবে বাংলায় উত্তর দিতে পারে।
  • সীমাবদ্ধতা: ফ্রি ভার্সনে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক (সাধারণত ২টি) পিডিএফ আপলোড করা যায় এবং পেইজের লিমিট (১২০ পেজ) রয়েছে। বড় বই বা অসংখ্য ফাইল নিয়ে কাজ করতে চাইলে আপনাকে এই টুলের paid subscription নিতে হবে।

২. Google NotebookLM

গুগলের তৈরি NotebookLM বর্তমানে রিসার্চার, কনটেন্ট ক্রিয়েটর এবং স্টুডেন্টদের জন্য একটি গেম-চেঞ্জার টুল। এটি কেবল একটি পিডিএফ নয়, এটি একসাথে একাধিক পিডিএফ, google docs, website link এবং ইউটিউব ভিডিওকে source হিসেবে নিয়ে কাজ করতে পারে।

  • মূল বৈশিষ্ট্য: এর সবচেয়ে বড় শক্তি হলো “Source-grounded” উত্তর। অর্থাৎ এটি ইন্টারনেট থেকে মনগড়া কোনো তথ্য যোগ করে না, কেবল আপনার দেওয়া পিডিএফের ভেতর থেকেই উত্তর দেয়। এর ফলে ভুল তথ্য বা হ্যালুসিনেশনের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। এছাড়া এর Audio Overview ফিচারটি আপনার পিডিএফের ওপর ভিত্তি করে দুইজন মানুষের কথোপকথনের মতো একটি podcast তৈরি করে দেয়, যেটা শুনেই আপনি পুরো বিষয়টি বুঝে নিতে পারবেন।
  • খরচ: এটি বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এর capacity অনেক বেশি।

৩. Claude (Anthropic)

আপনি যদি খুব বড়, জটিল এবং সূক্ষ্ম বিশ্লেষণধর্মী পিডিএফ (যেমন: আইনি দলিল, মেডিকেল রিপোর্ট বা কোডিং ডকুমেন্টেশন) নিয়ে কাজ করেন, তাহলে Claude আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। Anthropic এর তৈরি এই AI মডেলটির “Context Window” বিশাল।

  • বৈশিষ্ট্য: Claude একসাথে কয়েকশ পৃষ্ঠার পিডিএফ নির্ভুলভাবে পড়তে এবং বিশ্লেষণ করতে পারে। এর লেখার ধরন অত্যন্ত রিডার ফ্রেন্ডলি। আপনি যদি একটি বড় পিডিএফ থেকে নির্দিষ্ট কোনো ডেটা বের করে নতুন একটি রিপোর্ট লিখতে চান, তাহলে Claude অন্য যেকোনো টুলের চেয়ে ভালো কাজ করে।
  • সীমাবদ্ধতা: এর ফ্রি ভার্সনে বড় ফাইল আপলোড করলে মেসেজ লিমিট দ্রুত শেষ হয়ে যেতে পারে।

৪. ChatGPT (OpenAI)

বিশ্বের সবচেয়ে পরিচিত AI টুল ChatGPT পিডিএফ থেকে তথ্য বের করার ক্ষেত্রেও দারুণ কার্যকর। বিশেষ করে এর লেটেস্ট মডেলগুলো (যেমন GPT-4o এবং পরবর্তী সংস্করণগুলো) সরাসরি ফাইল আপলোড সাপোর্ট করে।

বৈশিষ্ট্য: ChatGPT এর অন্যতম সেরা দিক হলো এর ডেটা অ্যানালাইসিস ক্ষমতা। আপনার পিডিএফে যদি কোনো আর্থিক হিসাব, চার্ট বা জটিল টেবিল থাকে, তবে ChatGPT সেই তথ্যগুলো বের করে সেগুলো দিয়ে নতুন গ্রাফ তৈরি করতে পারে কিংবা সরাসরি ডাউনলোডযোগ্য এক্সেল (.xlsx) বা CSV ফাইলে রূপান্তর করে দিতে পারে।

সীমাবদ্ধতা: ফ্রি ব্যবহারকারীদের জন্য প্রতিদিন ফাইল আপলোডের একটি নির্দিষ্ট লিমিট থাকে। লিমিট শেষ হলে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়।

অবশ্যই পড়ুনঃ

৫. Humata AI

প্রফেশনাল গবেষক, আইনজীবী এবং কর্পোরেট টিমের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে Humata AI। এটি অনেকটা ChatPDF এর মতোই কাজ করে, তবে এটি বড় ও টেকনিক্যাল ডকুমেন্ট হ্যান্ডেল করার জন্য বেশি অপ্টিমাইজড।

  • বৈশিষ্ট্য: এটি উত্তরের প্রতিটি লাইনের পাশে হাইলাইট করা লিংক দেয়, যেখানে ক্লিক করলে সরাসরি পিডিএফের ওই নির্দিষ্ট অংশে আপনাকে নিয়ে যাবে। এছাড়া আপনার আপলোড করা পিডিএফের তথ্যের ওপর ভিত্তি করে এটি নতুন ডকুমেন্ট বা আর্টিকেল ড্রাফট করতে পারে।
  • সীমাবদ্ধতা: ফ্রি প্ল্যানে পেজ লিমিট বেশ কম (সাধারণত ৬০ পেইজ পর্যন্ত)। এই কারণে বড় ফাইল নিয়ে কাজ করতে হলে সাবস্ক্রিপশন প্রয়োজন।

৬. Adobe Acrobat AI Assistant

পিডিএফ ফরম্যাটের উদ্ভাবক অ্যাডোবি (Adobe) নিজেই এখন তাদের এক্রোব্যাট রিডারের ভেতরে বিল্ট-ইন AI অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে। যারা প্রতিদিন অফিসের কাজে Adobe Acrobat ব্যবহার করেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক।

  • মূল বৈশিষ্ট্য: আলাদা কোনো ওয়েবসাইটে ফাইল আপলোড না করেই সরাসরি সফটওয়্যারের ভেতর থেকেই পিডিএফের সারাংশ তৈরি করা, মিটিংয়ের নোট নেওয়া এবং ইমেইল ড্রাফট করা যায়। এটি কর্পোরেট ডেটা নিরাপত্তার মানদণ্ড মেনে চলে।
  • সীমাবদ্ধতা: এটি ব্যবহার করার জন্য Adobe Acrobat-এর পেইড addon সাবস্ক্রিপশন নিতে হয়।

৭. Perplexity AI

আপনি যদি পিডিএফের ভেতরের তথ্য বের করার পাশাপাশি সেই তথ্যের সাথে ইন্টারনেটের সাম্প্রতিক তথ্যের তুলনা করতে চান, তাহলে Perplexity AI সেরা।

  • মূল বৈশিষ্ট্য: এখানে ফাইল আপলোড করে আপনি প্রশ্ন করতে পারেন। যেমনঃ আপনার কাছে ২০২৩ সালের একটি মার্কেট রিসার্চ পিডিএফ আছে। আপনি Perplexity-কে বলতে পারেন, “এই পিডিএফের তথ্যের সাথে ২০২৬ সালের বর্তমান বাজারের তুলনা করে দেখাও।” এটি পিডিএফ এবং ওয়েব সার্চ দুটিকেই একসাথে কাজে লাগায়।
  • সীমাবদ্ধতা: এর ফ্রি ভার্সনে প্রতিদিন সীমিত সংখ্যক ফাইল আপলোড করা যায়।

৮. SciSpace (Typeset.io)

এটি মূলত বিজ্ঞান ও একাডেমিক গবেষণাপত্র (Research Papers) পড়ার জন্য তৈরি। অনেক সময় গবেষণাপত্রে জটিল গাণিতিক সমীকরণ, গ্রাফ এবং টেকনিক্যাল টার্ম থাকে, যা সাধারণ AI টুল ঠিকমতো বোঝাতে পারে না।

  • মূল বৈশিষ্ট্য: SciSpace-এ আপনি পিডিএফের যেকোনো একটি নির্দিষ্ট প্যারাগ্রাফ, টেবিল বা গাণিতিক সমীকরণ মাউস দিয়ে সিলেক্ট করলে সেটি সাথে সাথেই সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়। এছাড়া একই টপিকের ওপর অন্যান্য গবেষণাপত্র খুঁজে পেতেও এটি সাহায্য করে।

একনজরে সেরা টুলগুলোর তুলনামূলক ছক

আপনার কাজের জন্য কোন টুলটি সবচেয়ে উপযুক্ত, তা সহজে বোঝার জন্য নিচের তুলনামূলক টেবিলটি দেখুন:

টুলের নামফ্রি ভার্সন সুবিধাএকাধিক PDF একসাথেবাংলা ভাষা সাপোর্টকাদের জন্য সেরা
Google NotebookLMসম্পূর্ণ ফ্রি (বিশাল লিমিট)হ্যাঁ (৫০+ সোর্স)চমৎকারগবেষক, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটর
ChatPDFসীমিত (দৈনিক ২টি ফাইল)না (১টি করে)ভালোসাধারণ শিক্ষার্থী ও কুইক রিডিং
Claudeসীমিত মেসেজহ্যাঁঅত্যন্ত চমৎকারবড় রিপোর্ট, কোডিং ও সূক্ষ্ম বিশ্লেষণ
ChatGPTসীমিত ফাইল আপলোডহ্যাঁভালোডেটা এক্সট্রাকশন ও এক্সেল কনভার্শন
Humata AI৬০ পৃষ্ঠা পর্যন্ত ফ্রিহ্যাঁ (পেইড প্ল্যানে)মোটামুটিআইনজীবী ও কর্পোরেট প্রফেশনাল
SciSpaceসীমিত ফ্রি ব্যবহারহ্যাঁভালোসায়েন্টিফিক রিসার্চ ও থিসিস

কীভাবে আপনার কাজের জন্য সঠিক AI টুলটি বেছে নেবেন?

সব টুল সবার জন্য নয়। আপনার প্রয়োজনের ওপর ভিত্তি করে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন:

১. আপনি যদি শিক্ষার্থী বা গবেষক হন: আপনার যদি একই বিষয়ের ওপর ৫-১০টি পিডিএফ নোট বা রিসার্চ পেপার একসাথে পড়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, তবে নিঃসন্দেহে Google NotebookLM ব্যবহার করুন। আর যদি বিজ্ঞানের জটিল সমীকরণ বুঝতে হয়, তবে SciSpace বেছে নিন।

২. আপনি যদি অফিস কর্মী বা ডেটা অ্যানালিস্ট হন: পিডিএফ থেকে সেলস রিপোর্ট বা সংখ্যার হিসাব বের করে এক্সেল শিটে নিতে চাইলে ChatGPT সবচেয়ে কার্যকর। আর অফিসিয়াল ডকুমেন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকলে Adobe Acrobat AI ব্যবহার করা ভালো।

৩. আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর বা ব্লগার হন: বড় কোনো ই-বুক বা রিপোর্ট থেকে মূল পয়েন্টগুলো বের করে সহজ ও সাবলীল বাংলায় আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট লিখতে চাইলে Claude আপনার কাজ অনেক সহজ করে দেবে।

PDF থেকে নির্ভুল তথ্য বের করার ৫টি প্রো টিপস

AI টুল ব্যবহার করলেই যে সব সময় শতভাগ সঠিক উত্তর পাবেন, তা নয়। সঠিক ফলাফল পেতে আপনার প্রশ্ন করার ধরন বা প্রম্পট (Prompt) সঠিক হতে হবে:

  • নির্দিষ্ট করে প্রশ্ন করুন: “এই পিডিএফটি কী নিয়ে?” এমন সাধারণ প্রশ্ন না করে লিখুন, “এই ডকুমেন্টের ৩য় ও ৪র্থ অধ্যায়ে উল্লিখিত প্রধান চ্যালেঞ্জগুলো ৫টি বুলেট পয়েন্টে উল্লেখ করো।”
  • পেজ নম্বর চেয়ে নিন: AI অনেক সময় অনুমান করে উত্তর দেয়। তাই প্রম্পটের শেষে লিখে দিন, “প্রতিটি তথ্যের পাশে পিডিএফের পৃষ্ঠা নম্বর উল্লেখ করবে।” এতে আপনি সহজেই ক্রস-চেক করতে পারবেন।
  • টেবিল ফরম্যাটে তথ্য চান: তুলনামূলক কোনো তথ্য বের করতে চাইলে বলুন, “তথ্যগুলো একটি Markdown টেবিল আকারে সাজিয়ে দাও।” এতে ডেটা পড়তে ও কপি করতে সুবিধা হয়।
  • বড় ফাইল ভাগ করে নিন: আপনার পিডিএফ যদি ৫০০ বা ১০০০ পৃষ্ঠার হয়, তবে পুরো ফাইল একসাথে দিলে AI গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারে। অনলাইন ফ্রি টুল দিয়ে পিডিএফটিকে অধ্যায় অনুযায়ী ছোট ছোট অংশে ভাগ (Split) করে নিয়ে তারপর আপলোড করুন।
  • স্ক্যান করা পিডিএফের ক্ষেত্রে সতর্কতা: যদি পিডিএফের লেখা ঝাপসা হয়, তবে AI ভুল শব্দ পড়তে পারে। এক্ষেত্রে আগে ভালো মানের OCR টুল দিয়ে টেক্সট ক্লিয়ার করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

ডেটা প্রাইভেসি ও নিরাপত্তা: যা জানা অত্যন্ত জরুরি

ফ্রি AI টুল ব্যবহারের সময় আমরা প্রায়ই নিরাপত্তার বিষয়টি ভুলে যাই। মনে রাখবেন, অনলাইনে যখন কোনো ফাইল আপলোড করেন, তখন সেটি ওই কোম্পানির সার্ভারে জমা হয়। অনেক ফ্রি টুল আপনার আপলোড করা ডেটা তাদের AI মডেলকে প্রশিক্ষণ (Train) দেওয়ার কাজে ব্যবহার করতে পারে।

তাই নিচের ফাইলগুলো কখনোই অপরিচিত বা সাধারণ ফ্রি AI টুলে আপলোড করবেন না:

  • ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক তথ্য।
  • জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট বা জন্মনিবন্ধনের কপি।
  • অফিসের গোপনীয় চুক্তিপত্র বা ক্লায়েন্টের ব্যক্তিগত ডেটা।
  • ব্যক্তিগত মেডিকেল রিপোর্ট (নাম ও পরিচয় মুছে না দিয়ে)।

একান্তই যদি সংবেদনশীল ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, তবে ফাইল থেকে নাম, ঠিকানা ও অ্যাকাউন্ট নম্বর মুছে (Redact করে) তারপর আপলোড করুন, অথবা পেইড এন্টারপ্রাইজ প্ল্যান ব্যবহার করুন যেখানে ডেটা ট্রেনিং বন্ধ রাখার অপশন থাকে।

পিডিএফ থেকে তথ্য বের করার এআই টুলস – FAQs

১. বাংলা ভাষায় লেখা PDF থেকে কি এই টুলগুলো তথ্য বের করতে পারে?

হ্যাঁ, বর্তমানের আধুনিক টুলগুলো যেমন Google NotebookLM, Claude এবং ChatGPT বাংলা ইউনিকোড লেখা পিডিএফ খুব ভালোভাবে পড়তে ও বুঝতে পারে। তবে পুরনো বিজয় (ANSI) ফন্টে লেখা বাংলা পিডিএফ অনেক সময় এরা সরাসরি পড়তে পারে না।

২. স্ক্যান করা বা ছবি আকারের PDF থেকে কি তথ্য বের করা সম্ভব?

হ্যাঁ, সম্ভব। ChatGPT, Claude এবং NotebookLM-এর মতো টুলগুলোতে উন্নত OCR প্রযুক্তি যুক্ত আছে, যা ছবি বা স্ক্যান করা ডকুমেন্ট থেকেও লেখা শনাক্ত করে তথ্য বের করতে পারে। তবে লেখাগুলো স্পষ্ট হতে হবে।

৩. সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো লিমিট ছাড়া কোন টুলটি ব্যবহার করা যায়?

বর্তমানে Google NotebookLM সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এর ফাইল আপলোড ও প্রশ্ন করার লিমিট অন্যান্য যেকোনো ফ্রি টুলের তুলনায় অনেক বেশি।

৪. AI টুল কি পিডিএফ থেকে ভুল তথ্য দিতে পারে?

মাঝে মাঝে দিতে পারে, যাকে প্রযুক্তির ভাষায় “হ্যালুসিনেশন” বলে। বিশেষ করে ফ্রি ও কম ক্ষমতাসম্পন্ন টুলগুলো তথ্য না পেলে নিজের থেকে বানিয়ে উত্তর দিতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অবশ্যই পেজ নম্বর মিলিয়ে আসল পিডিএফ থেকে তথ্য যাচাই করে নেবেন।

শেষ কথা

সময়ের সাথে তাল মিলিয়ে কাজের গতি বাড়াতে হলে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। PDF থেকে তথ্য বের করার AI Tools আমাদের পড়াশোনা, গবেষণা এবং অফিসের কাজের ধরনকে পুরোপুরি বদলে দিয়েছে। আগে যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, এখন সঠিক প্রম্পট এবং টুলের সাহায্যে তা কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব।

আপনার যদি নিয়মিত বড় ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, তবে আজই Google NotebookLM বা ChatPDF-এর মতো একটি টুল ব্যবহার করে দেখুন। তবে যেকোনো টুল ব্যবহারের সময় তথ্যের সত্যতা যাচাই এবং ব্যক্তিগত ডেটার নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *